২৬ জুন ২০১৩ - ০০:৫৪
আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান হামলা

আফগানিস্তানের তালেবান রাজধানী কাবুলে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র অফিসে একযোগে হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের তালেবান রাজধানী কাবুলে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র অফিসে একযোগে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা অন্তত এক ডজন বিস্ফোরণের খবর দিয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের একটি ফটকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের বন্দুকযুদ্ধ হয়েছে।

কাবুলের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এরপর টানা এক ঘন্টা ধরে গোলাগুলি চলে। কাবুলের কেন্দ্রস্থলে অবস্থিত কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ এলাকায় বিশ্বের বহু দেশের দূতাবাস অবস্থিত।

পুলিশ বলেছে, চারজন হামলাকারী প্রেসিডেন্ট প্রাসাদের একটি ফটকে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়। তারা গাড়িটি ফটকের কাছে রেখে সরে পড়ে এবং দূর নিয়ন্ত্রণের সাহায্যে বিস্ফোরণ ঘটায়।

কাবুলের পুলিশ প্রধান মোহাম্মাদ আইয়ুব সালাঙ্গি সাংবাদিকদের জানিয়েছেন, চার হামলাকারীর সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে; তবে এ ঘটনায় কোনো বেসামরিক ব্যক্তি বা নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি।

প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখী সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।